
সাগরকন্যা ডেস্ক
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন এবং অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ করেছেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, একসময় সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।
তিনি বলেন, আল্লাহ মানুষকে এ পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য- কে কত ভালো কাজ করে, কে কত উত্তম মানুষ হতে পারে এবং কে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, তা দেখার জন্য। একই সঙ্গে আল্লাহ এটাও দেখেন, মানুষের ভালো কাজ তাঁর সন্তুষ্টির জন্য হচ্ছে নাকি লোক দেখানোর জন্য।
তিনি আরও বলেন, একজন প্রকৃত মুমিন আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। এমনকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে এক গ্লাস পানি পান করালেও নাজাতের ব্যবস্থা হতে পারে। কারণ, ভালো কাজের প্রতিদান এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পুরস্কার একমাত্র আল্লাহই প্রদান করবেন।
মঙ্গলবার (৫ মে) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেবসহ অন্যান্য আলেমগণ।