
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে একটি মসজিদের পাশে নির্মিত টয়লেটের নামফলকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলকের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয়। পরে জানা যায়, এটি মূলত নামফলক তৈরির সময় হওয়া ভুল।
জানা গেছে, পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করে।
কিন্তু টয়লেটটির দেয়ালে স্থাপিত প্রকল্পের নামফলকে নির্মাণ ব্যয় হিসেবে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা উল্লেখ থাকায় স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়। নামফলকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা। তবে নামফলক তৈরির সময় ভুলবশত অঙ্কের ঘরে ত্রুটি হওয়ায় তা প্রায় দুই কোটি টাকা হিসেবে উল্লেখ করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, টয়লেটের প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা ছিল না। নামফলকে প্রায় দুই কোটি টাকা লেখা দেখে আমরাও বিস্মিত হয়েছি।
স্থানীয় এনজিও কর্মী খোকন কর্মকার সাগরকন্যাকে বলেন, লেখার সময় এমন ভুল হতেই পারে। তবে যাচাই-বাছাই ছাড়া বিষয়টি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকল্পের প্রকৃত ব্যয় ছিল প্রায় দুই লাখ টাকা। নামফলক তৈরির সময় ভুল হয়েছিল, যা প্রথমে নজরে আসেনি। বিষয়টি জানার পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।