বাউফলে যাত্রীবাহী বাস খাদে, একজন নিহত; আহত ১০

হোম » লিড নিউজ » বাউফলে যাত্রীবাহী বাস খাদে, একজন নিহত; আহত ১০
সোমবার ● ৪ মে ২০২৬


বাউফলে যাত্রীবাহী বাস খাদে, একজন নিহত; আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আফসারের গ্যারেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ১৬ জন যাত্রী নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দশমিনা স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে রাত সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার আফসারের গ্যারেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবক (২২) নিহত হন। আহত হন বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন যাত্রী দাবি করেন, চালক মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৫৩:০৩ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ