
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।
প্রাণে বেঁচে ফেরা সঙ্গীয় জেলে মামুন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘দুপুরে আমরা চারজন নৌকায় জাল তুলছিলাম। আকাশে মেঘ ছিল, কিন্তু এমন ঝড় হবে বুঝিনি। হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি উল্টে যায়। আমরা সবাই নদীতে ছিটকে পড়ি। আমি আর আজিম কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও শিপন ও জুয়েল নদীর স্রোতে তলিয়ে যায়।’
নিখোঁজ জুয়েলের মামাতো ভাই মো. আফসার হোসেন জানান, খবর পেয়ে স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খুঁজতে শুরু করেছেন। তবে স্রোতের কারণে এখনো তাদের সন্ধান মেলেনি।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে স্থানীয়দের ভিড় জমে। নিখোঁজ দুই জেলের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাত পর্যন্ত স্বজনরা নদীর বিভিন্ন এলাকায় খোঁজ চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা চেয়েছি।’
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান জানান, বিষয়টি জানার পর উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।
এসজি/এমআর