
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের বঙ্গোপসাগরসংলগ্ন দুবলার চরের আলোরকোলে আজ রবিবার বিকেল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এ ধর্মীয় আয়োজন শেষ হবে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে। সৃষ্টিকর্তার সান্নিধ্য ও আশীর্বাদ লাভ এবং পুণ্যস্নানের মাধ্যমে পাপমোচনের আশায় দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা দুবলার চরে জড়ো হচ্ছেন।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সাধারণ পর্যটকদের প্রবেশ বন্ধ রেখে এবার শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উৎসবে শ্রীকৃষ্ণের পূজা, আরতি, পুষ্পাঞ্জলি ও গাজীকালুর পূজাসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সাল থেকে এখানে আর মেলা বসে না। আয়োজন সীমিত রাখা হয়েছে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে।
দুবলা রাস উদ্যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, বৃষ্টির কারণে পূজা পালনে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বৃষ্টি কমে রোদ ওঠায় পুণ্যার্থীরা নিরাপদে দুবলার চরে যাত্রা শুরু করেছেন। অনেকে ইতিমধ্যে পৌঁছেছেন। বাকিরা আজ ও আগামীকাল পৌঁছাবেন। সুন্দর পরিবেশে সবাই পূজা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উৎসব উপলক্ষে সুন্দরবনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা জারি করেছে বন বিভাগ। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো ধানমারি বা চাঁদপাই স্টেশন হয়ে পশুর নদী দিয়ে তিনকোনা দ্বীপের বাইরে দিয়ে; বগী-বলেশ্বর, সুপতি স্টেশন, বলেশ্বর নদী, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ; বুড়িগোয়ালিনী, কপোতাক্ষ, বটুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হাঁসরাজ নদী হয়ে; কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বাজবাজা, অরুয়া, শিবসা নদী ও মরজাত হয়ে এবং নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চর।
তীর্থযাত্রীদের যাওয়া ও ফেরার ক্ষেত্রে একই পথ ব্যবহার করতে হবে। নির্ধারিত প্রবেশপথ থেকে যাত্রীসংখ্যা, নৌযানের ধরন, অবস্থানের সময় ও ক্যামেরার সংখ্যার ভিত্তিতে সরকারি রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র ও প্রবেশ কুপন সংগ্রহ করতে হবে। সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
উৎসব চলাকালে রাতে নৌযান চলাচল, যত্রতত্র নোঙর, শব্দদূষণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অস্ত্র, বিস্ফোরক, শিকারের জাল ও ফাঁদ বহন নিষিদ্ধ। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরাও বন্ধ রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, পূজা পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় প্রশাসন কাজ করছে। কেউ যেন পলিথিন ব্যবহার না করেন, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে এবং নজরদারি রাখা হবে। পাশাপাশি বন্য প্রাণী শিকার ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, তীর্থযাত্রীদের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগের পাশাপাশি পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা টহল দেবেন।