সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া আবাসন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে এবং একই এলাকার নাজমুল ফরাজীর স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে স্ত্রী ফারজানার কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে ফারজানা তার বাবার বাড়িতেও চলে চলে গিয়েছিলেন। পরে দুই পরিবারের উদ্যোগে বিষয়টি মীমাংসা হলে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।
ঘটনার দিন একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফারজানা নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, একই দিন সকালে কলাপাড়া থানায় কর্মরত এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।