মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টিতে ধান কাটায় উৎকণ্ঠায় ইরি চাষিরা

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টিতে ধান কাটায় উৎকণ্ঠায় ইরি চাষিরা
শনিবার ● ২ মে ২০২৬


মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টিতে ধান কাটায় উৎকণ্ঠায় ইরি চাষিরা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টিতে পাকা ইরি ধান ঘরে তোলা নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে না পেরে সম্ভাব্য ফলনহানি ও আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটছে চাষিদের।

উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর, চানপুর, উলানিয়া, চরএককরিয়া, চরগোপালপুর ও আলিমাবাদসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে ইরি ধানের আবাদ হয়েছে। বিশেষ করে উত্তর চর, চরহোগলা, বাজিৎখা, মাঝেরচর, দাদপুর, তরইলিশা, সেলিমাবাদ, স্বাধীন বাজার, দারোগার চর, চরমহিষা, চরডাইয়া, চরখাগকাটা, শ্রীপুর, বালিয়া, হাসানপুর, রাজাপুর ও সুইচ গেট এলাকায় ধানের চাষ বেশি হয়েছে।

স্থানীয় কৃষক শাহে আলম ও সুজন হাওলাদার জানান, অধিকাংশ ধান ইতোমধ্যে পেকে গেছে। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ধান কাটা সম্ভব হচ্ছে না। বড় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না, আবার শ্রমিক দিয়েও ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে।

তারা বলেন, পাকা ধান দীর্ঘ সময় জমিতে পড়ে থাকলে গাছ নুয়ে পড়তে পারে বা মাটির সঙ্গে মিশে গিয়ে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে পাকা ধান নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু মুঠোফোনে জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পেয়ে বৃষ্টি শুরুর আগেই কৃষকদের ফসল কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। অনেক কৃষক ফসল ঘরে তুলেছেন। যারা এখনো তুলতে পারেননি, তারা কিছুটা ক্ষতির মুখে পড়তে পারেন। তবে আগামী দুই-এক দিনের মধ্যে বৃষ্টি কমে গেলে দ্রুত ধান কাটার ব্যবস্থা নেওয়া হবে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২৬ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ