যুবদল নেতা হত্যা মামলায় চার্জশিট বাউফলে আ’লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

হোম » পটুয়াখালী » যুবদল নেতা হত্যা মামলায় চার্জশিট বাউফলে আ’লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা
শনিবার ● ২ মে ২০২৬


বাউফলে আ’লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
দীর্ঘ ১৩ বছর পর পটুয়াখালীর বাউফলে যুবদল নেতা মনিরুল হক মৃধা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেনেসাঁ খান চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ আগস্ট পবিত্র রমজানের ২৬ রমজানে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বাউফল উপজেলার বগা ইউনিয়নের টাওয়ার সড়কে মনিরুল হক মৃধা ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুল হক মৃধা। হামলায় আহত হন নিহতের শ্যালক জাকির হোসেনও।
আহত অবস্থায় মনিরুল হক মৃধাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট পবিত্র ঈদুল ফিতরের দিন তিনি মারা যান।
সিআইডির তদন্তে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান, ইউপি সদস্য সুমনসহ মোট ১৯ জনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। পরে দীর্ঘ অনুসন্ধান শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার প্রধান সাক্ষী জাকির হোসেন বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন মামলার সুষ্ঠু তদন্ত হয়নি। তবে এত বছর পর হলেও বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী। তিনি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ