
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করে চালক, হেলপার ও সঙ্গে থাকা আরেকজনকে মারধর করে। একই সময় ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়।
স্থানীয়দের দাবি, ট্রাকটি এর আগে রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। পরে বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি মুদি দোকানে ধাক্কা দেয় ট্রাকটি। এতে কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক হান্নান মারা যান। তিনি বোয়ালমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন- নাঈম (২২), বাড়ি সালথা উপজেলার সোনাখোলা এবং আল-আমিন (২৫), বাড়ি সালথা উপজেলার কাগদী। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকটি একাধিক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।