চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও সমাবেশ
হোম »
ভোলা »
চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে আটায় চরফ্যাশন বাজারের ফ্যাশন স্কয়ারে আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি প্রভাষক বাহারুল ইসলাম বাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুন অর রশিদ বলেন, আজকের এই উন্নত সভ্যতার পেছনে খেটে খাওয়া মেহনতি মানুষের অবদান সবচেয়ে বেশি। শ্রমিকরাই আমাদের সমাজের উন্নয়নের প্রকৃত কারিগর। তাঁরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের উৎপাদন সচল রাখছেন। অথচ আমাদের দেশে অনেক ক্ষেত্রে শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের পরিপন্থী।
তিনি আরও বলেন, ইসলাম শ্রমিক ও মালিকের মধ্যে ভাই ভাই সম্পর্কের কথা বলেছে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দিয়েছে ইসলাম। এই আদর্শ মেনে চললে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।
সারা দেশে শ্রমিকের অধিকার নিয়ে যেমন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে তেমনি চাঁদাবাজি বন্ধে ও ভুমিকা রাখছে। বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোরালো দাবির প্রেক্ষিতে ভোলা জেলার বিভিন্ন পৌরসভায় পরিবহন থেকে তোলা চাঁদা বন্ধ হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন এবং উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম এবং শ্রমিক নেতৃবৃন্দ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ফ্যাশন স্কয়ারের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজী কাশেম মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩১ ●
২২ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)