
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে শুক্রবার (১ মে) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিও সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিলটি ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপূর্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পর পর দুইদিনের এ মিছিলকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোরে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে মিছিলকালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুরঘাটা বাসষ্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা ব্যানার সহকারে মিছিল শুরু হয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছে।
ভিডিও সূত্রে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ভোরে নিষিদ্ধ সংগঠনের কতিপয় কর্মীরা পাশ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে।