মহান মে দিবস আজ: শ্রমিকের ঘামে গড়া উন্নয়নের স্বীকৃতির দিন

হোম » জাতীয় » মহান মে দিবস আজ: শ্রমিকের ঘামে গড়া উন্নয়নের স্বীকৃতির দিন
শুক্রবার ● ১ মে ২০২৬


 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

শ্রমজীবী মানুষের অধিকার ও আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন মহান মে দিবস আজ (১ মে) বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছরের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। সরকারি ছুটি থাকলেও এ বছর শুক্রবার হওয়ায় আলাদা ছুটির প্রয়োজন হয়নি। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’।

 

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষ্যে দেশ-বিদেশের শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় এবারের প্রতিপাদ্য সময়োপযোগী।

 

প্রধানমন্ত্রী তার বাণীতে জানান, শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো ও অর্থনীতির ভিত গড়ে ওঠে। তাই তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

ইতিহাস অনুযায়ী, ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে সংঘর্ষে গুলি চালানো হলে কয়েকজন শ্রমিক ও পুলিশ নিহত হন। ওই আত্মত্যাগের স্মরণেই পরবর্তীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং বিশ্বব্যাপী পালন শুরু হয়।

 

মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা ও শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান।

 

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশের আয়োজন করেছে। জুমার নামাজের পর শুরু হওয়া এ সমাবেশে দলের নেতারা অংশ নেবেন। এছাড়া সারা দেশেই বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরতে সমাবেশ ও আলোচনা সভা করছে।

 

দিবসটি উপলক্ষ্যে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সম্প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৬:১০:২৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ