আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত

হোম » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরুল আমিন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ওই রাতেই তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মো. নুরুল আমিন নিজ মোটরসাইকেলে আমতলী থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বান্দ্রা এলাকার একটি রাইস মিলের সামনে কুয়াকাটা দিক থেকে আসা একটি দ্রুতগতির যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে স্থানীয়রা আমতলী থানায় অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মো. নুরুল আমিন বরগুনা সদর উপজেলার জেলখানা উরবুনিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আবুল কালাম মালাকার।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৩৭ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ