টাইগার নয় টার্গেট ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ

হোম » বিনোদন » টাইগার নয় টার্গেট ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


টাইগার নয় টার্গেট ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণসাগরকন্যা বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মূল লক্ষ্য ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে সালমানের কড়া নিরাপত্তার কারণে পরিকল্পনা বদলে টাইগার শ্রফকে নিশানা করেন হামলাকারীরা বলে জানিয়েছে পুলিশ সূত্র।

 

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত তিন শুটার প্রথমে মুম্বাইয়ে এসে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে নজরদারি করেন। সেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা ও সালমানের ওয়াই-প্লাস নিরাপত্তাব্যবস্থা দেখে তারা পরিকল্পনা পরিবর্তন করেন।

 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভক্তদের বিভিন্ন পেজ ঘেঁটে টাইগারের চলাফেরার তথ্য সংগ্রহ করেন তাঁরা। টাইগার প্রতি রবিবার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যান এবং সেখানে তাঁর নিরাপত্তা তুলনামূলক কম বলে ধারণা করেন হামলাকারীরা।

 

ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেওয়া অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেন। পোস্টে টাইগারকে আগে সতর্ক করার দাবি করে তাঁকে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে সালমানের সঙ্গে কাজ করা এবং গ্যাংয়ের কথা না শোনা বলিউডের অন্য ব্যক্তিদেরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজস্থানের কোটা থেকে তিন শুটারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। পরে তাঁদের মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

এ ছাড়া টাইগারের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে হরিয়ানার সোনিপত জেলা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রাধা ও ববিতা নামের দুই নারী ট্রেনে করে হরিয়ানা থেকে মুম্বাইয়ে অস্ত্র নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁরা গ্যাংয়ের এক ব্যক্তির কাছে অস্ত্র পৌঁছে দেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।

 

জিজ্ঞাসাবাদে কুনাল ও সুমিত নামের আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়। পুরো চক্রের নেটওয়ার্ক ও অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৪১:৩৫ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ