ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান

হোম » খেলা » ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তানসাগরকন্যা খেলা ডেস্ক

 

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ৯৯ রানে হারের পর ফাইনালে উঠতে জয়ের পাশাপাশি নেট রান রেটের কঠিন সমীকরণও মেলাতে হবে টাইগারদের।

 

জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে রয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে তাদের। অন্যদিকে, জিতলেও প্রয়োজনীয় নেট রান রেট অর্জন করতে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

 

এক ম্যাচে জয় নিয়ে +৩.১৬০ নেট রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেটে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর এক ম্যাচে হেরে -১.৯৮০ নেট রান রেটে তৃতীয় স্থানে বাংলাদেশ।

 

সমীকরণ অনুযায়ী, আগে ব্যাটিং করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হবে। তবে ২৩৬ বা তার বেশি রান করতে পারলে ৪০ রানের জয়েও জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের করা রানের ওপর নির্ভর করবে জয়ের নির্ধারিত সময়সীমা। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে, ২৫০ রানের লক্ষ্য ৪১.৩ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য ৪২.২ ওভারের মধ্যে।

 

ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

বাংলাদেশ সময়: ১০:১৬:৫১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ