
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতু-সংলগ্ন তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনকালে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটন কেন্দ্রটি পরিবেশবান্ধব ও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় পর্যটন বিকাশের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রটি নির্মিত হলে তিন নদীর মোহনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এলাকায় পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসই/এমআর