দুমকিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

হোম » পটুয়াখালী » দুমকিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

দুমকিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং ডালপালা ভেঙে বহু কাঁচাঘর বিধ্বস্ত হয়। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বেগে ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় লেবুখালী, পায়রা সেতু সংলগ্ন সড়ক, মৌকরণ, আঠারোগাছিয়া, জামলা ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রাতভর ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।

এদিকে টানা বৃষ্টিতে উপজেলার নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে মুগডাল, আলু, মরিচসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন দুর্যোগে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে। দুর্যোগ শেষে বিভিন্ন সড়কে গাছ পড়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপন ও সড়ক থেকে গাছ অপসারণে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ