বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত

হোম » বরিশাল » বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে বুধবার দুপুরে সর্বশেষ খোঁজে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিকট শব্দে বিদ্যালয় সংলগ্ন এলাকায় বজ্রপাত হলে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ প্রায় ১৫ শিক্ষার্থী আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ে এবং কেউ কেউ জ্ঞান হারায়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতরদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে রয়েছেন শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম, সপ্তম শ্রেণির জান্নাত বেগম ও রাফা, অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। মঙ্গলবার সন্ধ্যার দিকে কিছুটা সুস্থ হলে আমেনা বেগম ও রাফাকে বাড়িতে পাঠানো হয়।

 

একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও অন্তত ১০-১২ জন শিক্ষার্থী আহত হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাহাদুর মৃধা।

 

মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন সাগরকন্যাকে জানান, ঘটনার পর থেকেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:০০:৩৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ