শিকারিদের ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হোম » খুলনা » শিকারিদের ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

শিকারিদের ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে হরিণটিকে আবারও বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় বন বিভাগের সদস্যরা হরিণটিকে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকতে দেখেন। পরে দ্রুত ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সেটিকে সুন্দরবনের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

 

কদমতলা স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার আব্দুল মান্নান সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, নিয়মিত টহলের সময় হরিণটি ফাঁদে আটকে থাকতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পরীক্ষা শেষে সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধ ফাঁদ অপসারণেও বন বিভাগ কাজ করছে। বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিয়মিত টহল ও অবৈধ শিকার প্রতিরোধের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা বাড়ানো জরুরি।

বাংলাদেশ সময়: ২১:০১:১৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ