
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাইসা ইসলাম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছীনা খানকা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাইসা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই এলাকার সেলিম খানের ছেলে ঈসা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে কিল-ঘুসি মারার পাশাপাশি মাথায় আঘাত করে।
রাইসা ও তার পরিবারের দাবি, এর আগেও ইছা একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে রাইসার মা-বাবা একাধিকবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের কাছে অভিযোগ জানান। তখন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করা হলেও শনিবার আবারও রাইসার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
বর্তমানে রাইসা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক ডা. তুষার আহমেদ তার চিকিৎসা দিচ্ছেন।
রাইসার মা ও স্থানীয় ইউপি সদস্য গাজী সালমা বলেন, ‘এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয় ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর কোনো মেয়ে যেন এভাবে রাস্তাঘাটে বখাটেদের হাতে মারধরের শিকার না হয়।’
রাইসার বাবা কাসেম শরীফ বলেন, ‘আমি একাধিকবার এই বখাটে ছেলের পরিবারকে বলেছি। কিন্তু আমার কথা শোনেনি। আমি আমার মেয়েকে মারধর করার সঠিক বিচার চাই।’
অভিযুক্ত ঈসা’র বাবা সেলিম খা বলেন, ‘আমি মানুষের মুখে শুনেছি। বাসায় পুলিশ এসেছিল আমাদের।’
সাবেক কাউন্সিলর রফিক খান বলেন, ‘আসলে বিষয়টি দুঃখজনক। তারপরও আমি দুই পক্ষের সঙ্গে আলোচনা করে দেখব কী করা যায়।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।