‘আজকে রাতে ডাকাতি করা হবে’ বরগুনায় তিন হিন্দু পরিবারের বাড়িতে হুমকি দিয়ে চিরকুট

হোম » বরগুনা » ‘আজকে রাতে ডাকাতি করা হবে’ বরগুনায় তিন হিন্দু পরিবারের বাড়িতে হুমকি দিয়ে চিরকুট
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

বরগুনায় তিন হিন্দু পরিবারের বাড়িতে হুমকি দিয়ে চিরকুট

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ এমন হুমকি দিয়ে বরগুনা পৌর শহরে তিনটি হিন্দু পরিবারের বাড়ির আঙিনায় চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গার্লস স্কুল সড়কের পৃথক তিনটি বাড়িতে এসব চিরকুট পাওয়া যায়। একই দিনে তিন বাড়িতে ডাকাতির হুমকি দেওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

হুমকির চিরকুট পাওয়া বাড়িগুলো ব্যবসায়ী জুয়েল তালুকদার, অমল কৃষ্ণ তালুকদার ও শংকর তালুকদারের। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি পরিবারই দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছে। রবিবার বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় পড়ে থাকা চিরকুট দেখতে পান। পরে সেগুলো খুলে একই ধরনের ডাকাতির হুমকি লেখা দেখতে পান। তিনটি বাড়িতে একই সময়ে এমন চিরকুট পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

 

অমল কৃষ্ণ তালুকদারের ছেলে রানা তালুকদার জানান, বিকেল সাড়ে ৩টার পর আমার স্ত্রী বাড়ির আঙিনায় বের হলে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। সেটি খুলে ডাকাতির হুমকির কথা জানতে পারেন। একইভাবে পাশের আরও দুটি বাড়িতেও চিরকুট পাওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় আমাদের পরিবারের সদস্যসহ অন্য দুই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৫০:১৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ