
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখায় টিকিট কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বাস না পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রয়েল মোড় ও সাতরাস্তা মোড়ের কাউন্টার থেকে যাত্রীদের ফিরে যেতে দেখা যায়। তবে কয়েকটি বাস খুলনা-যশোর-মাগুরা-ফরিদপুর-ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছে।
সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে একটি বাস সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। বাসটির চালক মো. ইব্রাহিম জানান, তারা ফরিদপুরের ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করবেন। সেখানে যেতে না পারলে পাটুরিয়া ফেরিঘাট ও মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবেন।
বিকল্প পথে ঢাকায় যেতে ১০০ কিলোমিটারের বেশি পথ ঘুরতে হচ্ছে। এতে ভাড়া বেড়েছে দ্বিগুণের বেশি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অনেকে বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।
লোকাল বাসের যাত্রী মশিউর রহমান জানান, চারশ টাকার ভাড়া এক হাজার টাকা নেওয়া হয়েছে। তারপরও ঢাকায় পৌঁছানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, ‘চার ঘণ্টায় আগে খুলনা থেকে ঢাকায় যাওয়া যেত। কিন্তু এখন সাত ঘণ্টায়ও পৌঁছাতে পারব কি না, জানি না।’
খুলনা থেকে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাসের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল করবে।
এর আগে ১৯ অক্টোবর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
খুলনা-ঢাকা রুটে খুলনার ১৬টি পরিবহনের প্রায় সাড়ে তিনশ বাস নিয়মিত চলাচল করে। খুলনা থেকে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে খুলনা-ঢাকা রুটে যাত্রীর চাপ বেড়েছে।