বরগুনায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

হোম » আলোচিত খবর » বরগুনায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

বরগুনায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়তে নারাজ ছেলে। আর ছেলের রাজনৈতিক অবস্থানের কারণে ক্ষোভ ও অভিমানে তাঁকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা। হলফনামার মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাবার এমন সিদ্ধান্তেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় ছেলে। তাঁর সাফ কথা, ‘প্রয়োজনে পরিবারের বন্ধন ছিন্ন হলেও রাজনীতি ছাড়ব না।’ বাবা-ছেলের এমন ঘটনা বরগুনার আমতলীতে আলোচনার জন্ম দিয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) আমতলী আদালতে প্র্যাকটিসরত আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণাপত্র দেন বাবা ইদ্রিস মৃধা।

 

রাহাত মৃধা আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

 

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্য আচরণের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রত। এ কারণে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

 

বাবার এমন সিদ্ধান্তের পরও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসতে রাজি নন রাহাত মৃধা। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে বাকি জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই। এতে আমার রাজনীতি করা বন্ধ হবে না। আমার আদর্শ আমার বাবা। বাবা হয়তো ক্ষমতাসীন দলের রাজনৈতিক চাপ নিতে পারছিলেন না। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। বাবা যে কাজ করছেন, তাতে আমার আপসোস নেই। বাবা তো বাবাই থাকেন। বাবা হয়তো আপাতত ভালো থাকবেন।’

 

এদিকে, হলফনামায় সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেও আইনগতভাবে বাবা-ছেলের রক্তের সম্পর্ক শেষ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বরগুনা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবদুর রহমান বলেন, বাংলাদেশের মুসলিম আইনে হলফনামার মাধ্যমে সামাজিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়া গেলেও এতে আইনগতভাবে বাবা-ছেলের সম্পর্ক বিলুপ্ত হয় না। শুধু হলফনামা করে কোনো সন্তানকে বাবার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায় না। বাবার মৃত্যুর সময় তাঁর মালিকানায় থাকা সম্পত্তিতে ছেলে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী প্রাপ্য অংশ পাবেন।

বাংলাদেশ সময়: ২০:৩১:১৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ