
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী চৌরাস্তা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এম এ আকবর (৩৭) ও তার সহযোগী রতন কুমার শীল (৪০)কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে জিয়ানগর সরকারি কলেজ মোড় ও চাড়াখালী চৌরাস্তার মাঝামাঝি একটি ভবনে কক্ষ ভাড়া নিয়ে ভুয়া চিকিৎসা দিতেন। তারা টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, কিডনি ও পিত্তপাথরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করতেন এবং ভুল ওষুধ সেবন করাতেন।
এছাড়া ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে ‘কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার’ নামে একটি যন্ত্র দিয়ে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার তথ্য দেখিয়ে চিকিৎসা প্রদান করা হতো। অভিযানে অনুমোদনবিহীন ওষুধ প্রয়োগ, প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং জনস্বাস্থ্যের ক্ষতির প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতেনাতে আটক করে সাক্ষীদের উপস্থিতিতে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এম এ আকবরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি রতন কুমার শীলের বিরুদ্ধে গ্রিন কার্ডের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জিয়ানগর থানার একটি টিম এবং স্থানীয় সাংবাদিকসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।