বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

হোম » বরিশাল » বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

বরিশালে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল 

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে সাইবার ব্ল্যাকমেইল ও অশ্লীল কনটেন্ট ছড়ানোর বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে তারা। অনুসন্ধানে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত।

চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবি সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন কনটেন্ট ফাঁস করে এসব কার্যক্রম পরিচালনা করত। টেলিগ্রামের বিভিন্ন গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হতো।

র‍্যাবের অভিযানে গত ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে উদ্ধারকৃত ডিভাইসগুলোতে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।

র‍্যাব-৮ জানায়, এ ধরনের সাইবার অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪১ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ