
দেবুল কুমার দাস, সাগরকন্যা প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং পরে নিজ হাতে খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর স্থানীয় জনসভায় বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে।’ তিনি আরও বলেন, ‘শার্শার উলাশী খাল পুনর্খনন হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে এবং এই খাল থেকে অতিরিক্ত প্রায় ১৪ হাজার টন খাদ্য উৎপাদন সম্ভব হবে।’ তিনি জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওয়ানা হন। সকাল ১০টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সড়কপথে উলাশী খাল পুনর্খনন কর্মসূচির স্থলে যান এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের অভিবাদন গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অবস্থান নেন এবং তাকে স্বাগত জানান।