পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক নিখিল চ্যাটার্জী আর নেই

হোম » গণমাধ্যম » পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক নিখিল চ্যাটার্জী আর নেই
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

সাংবাদিক নিখিল চ্যাটার্জী। ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

 

‘দি ডেইলি সান’ ও ‘দৈনিক সংবাদ’-এর সাবেক পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক নিখিল চ্যাটার্জী (৭১) মারা গেছেন। রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে পটুয়াখালী শহরের পুরানবাজার এলাকার নিজ বাড়িতে স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেল ৪টার দিকে পটুয়াখালী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

 

সাংবাদিক নিখিল চ্যাটার্জী ১৯৫৫ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। এ সময় তিনি রাষ্ট্রবিজ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতায় দক্ষতা অর্জনের জন্য তিনি লন্ডনে প্রশিক্ষণ নেন। সাহসী লেখনীর কারণে তাঁকে একাধিক মামলা ও হামলার শিকার হতে হয়েছে।

 

তাঁর হাত ধরে অনেকেই সাংবাদিকতায় যুক্ত হয়েছেন। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁর মৃত্যুতে শ্রী গুরু সংঘ পটুয়াখালী ও খেপুপাড়া শাখা সংঘ শোক প্রকাশ করেছে। এ ছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জীসহ সাংবাদিকেরা শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

নিখিল চ্যাটার্জী কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সংগীতশিল্পী ও শিক্ষক শ্যাম সুন্দর ভট্টাচার্যের বড় জামাতা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ