বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

হোম » রাজনীতি » বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

বেনাপোল চেকপোস্ট দিয়ে ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ হস্তান্তর

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভারতের কলকাতা থেকে তাঁর মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছায়।

 

ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন মরদেহ গ্রহণ করেন। এ সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বেনাপোল চেকপোস্ট ও সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ অক্টোবর) তাঁর মৃত্যু হয়।

 

এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন রোটন। এরপর চিকিৎসার জন্য তিনি কলকাতায় অবস্থান করছিলেন।

 

রোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ