সর্বশেষ

মোংলায় মাহে আলম হত্যা: ৩য় মৃত্যুবার্ষিকীতে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

হোম পেজ » খুলনা » মোংলায় মাহে আলম হত্যা: ৩য় মৃত্যুবার্ষিকীতে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

মোংলায় মাহে আলম হত্যা: ৩য় মৃত্যুবার্ষিকীতে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, বনবিভাগ, পুলিশ ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ইশারায় এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ মোংলা ও মাহে আলমের স্বজনদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সুজন- সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং নিহত মাহে আলমের ছেলে সুমন রানা প্রমুখ।

 

বক্তারা বলেন, ২০২৩ সালের ১০ এপ্রিল মাহে আলমকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা ও লাশ গুম করা হয়। ১৩ এপ্রিল করমজল এলাকা থেকে লাশ উদ্ধার হলেও ভুয়া সুরতহাল ও পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে তা অন্য একজনের লাশ হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত পরিচয় শনাক্ত হলে সাত মাস পর লাশ উত্তোলন করে পুনরায় দাফন করা হয়।

 

তারা আরও বলেন, আদালতের নির্দেশে মামলা নিলেও তদন্তে ধীরগতি রয়েছে এবং পিবিআই এখনো প্রতিবেদন দাখিল করেনি। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

মানববন্ধনে সুমন রানা বলেন, ‘আমার বাবাকে অপহরণ, হত্যা ও লাশ গুমের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।’ তিনি নির্দিষ্ট কয়েকজনকে আসামি করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের গ্রেফতার, দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এবং বিচার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৭:২২ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ