সাগরকন্যা প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫৩) নামে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে উপজেলার জেয়ালা গ্রামের উত্তর খোলা বিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মণ্ডল জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা গ্রামের উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি তাঁর চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভোর পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হবে, তা মেনে নেওয়া যায় না। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।
তালা থানার উপপরিদর্শক (তদন্ত) মহসিন আলী জানান, মাছ চুরির অভিযোগে ক্ষিতিশ মণ্ডলকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।