জিয়ানগরে ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

হোম পেজ » পিরোজপুর » জিয়ানগরে ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬


জিয়ানগরে ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
ঝালকাঠীতে চুরি হওয়া ৫৮ ব্যারেল বিটুমিন পিরোজপুরের জিয়ানগরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক এক ছাত্রদল নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ঝালকাঠী সদর থানার একটি বিশেষ অভিযানে উপজেলার সেউতিবাড়িয়া এলাকা থেকে এসব বিটুমিন জব্দ করা হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল জিয়ানগরের সেউতিবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে সড়ক নির্মাণ কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ ঝালকাঠী থেকে এসব বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয় এবং ট্রাকচালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দেখাতে পারেননি।

তবে অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ২৫ ব্যারেল কে বা কারা তার বিটুমিনের সঙ্গে রেখেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ