
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল সড়কে দালাল চক্রের টানাহেঁচড়া ও হয়রানির শিকার হচ্ছেন।
রবিবার সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দুলারহাট থানার নুরাবাদ গ্রামের সালাউদ্দিন বলেন, আমার ২ বছরের ছেলেকে নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখাতে হাসপাতালে যাচ্ছিলাম। পথে একটি ডায়াগনস্টিক সেন্টারের দুই নারী-পুরুষ আমাকে টানাটানি করে নিয়ে যেতে চায়। পরে জানতে পারি সেখানে সংশ্লিষ্ট ডাক্তার নেই, তাই চলে আসি।
জাহানপুরের জলিল বেপারীর হাট এলাকা থেকে আসা অসহায় শাহেনুর বেগম বলেন, ৫৪০ টাকা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। একজন নারী জোর করে একটি ডায়াগনস্টিকে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে ১ হাজার ২৫০ টাকা বিল করে। পরে বাড়ি থেকে টাকা এনে বিল পরিশোধ করি, কিন্তু ওষুধ কেনার টাকা আর ছিল না।
রোগী দেখাতে আসা আলাউদ্দিন সরদার বলেন, হাসপাতাল সড়কের মূল সড়ক থেকে সরকারি হাসপাতালের বারান্দা পর্যন্ত দালাল চক্রের অবস্থান। কম বয়সী নারী-পুরুষদের কেউ বেতনে, আবার কেউ কমিশনের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে। তাদের কাজ রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে নির্দিষ্ট প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বসাক বলেন, দালালদের বিষয়ে আমরা সোচ্চার। ইতিপূর্বে অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এমাদুল হোসেন জানান, এ বিষয়ে আগে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে, কোনো অবৈধ কার্যক্রমে ছাড় দেওয়া হবে না।
এএইচ/এমআর