গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ, হত্যার অভিযোগে বিক্ষোভ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ, হত্যার অভিযোগে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ, হত্যার অভিযোগে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে গৃহবধূ বিলকিস বেগমের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন কলেজ গেটের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম ও স্থানীয় কবির হোসেনসহ অন্যরা।

 

বক্তারা অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা মাইনুল গাজী তার স্ত্রী বিলকিস বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত সোমবার রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। ঘটনার পর অভিযুক্ত মাইনুল গাজী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

 

তারা আরও অভিযোগ করেন, থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তিন সন্তানের জননী বিলকিসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

 

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের বাবা আলতাফ গাজী সাগরকন্যাকে বলেন, স্বামীর সাথে কলহের জেরে বিলকিস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে বিলকিস বেগমের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ