
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার সুটিয়াকাটি ইউনিয়নের নান্দুহার বাজারে এ ঘটনায় একাধিক ব্যবসায়ী আহত হয়েছেন এবং অন্তত ১৫টি দোকান ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নান্দুহার বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শওকত ওসমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে ২৫-৩০টি মোটরসাইকেলে করে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে। তারা হঠাৎ দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে আহত করা হয় এবং দোকানের মালামাল নষ্ট করা হয়। পাশাপাশি ক্যাশ থেকে নগদ অর্থ লুটের অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন মঙ্গলবার (২৪ মার্চ) দুইটি মোটরসাইকেলে চার যুবক বাজারে এসে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই পরদিন রাতে এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান ঘরের মালিক নুসরাত জাহান বলেন, ‘নান্দুহার বাজারে আমার সাতটি দোকান ভিটি রয়েছে। দোকান ভাড়ার আয়েই আমার সংসার চলে। হামলার খবর পেয়ে এসে দেখি অন্তত পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। মালামাল নষ্ট করে ফেলেছে। হামলাকারীদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
আরেক ব্যবসায়ী লক্ষণশীল বলেন, ‘আমরা দোকানে বসে ছিলাম। হঠাৎ অনেকগুলো মোটরসাইকেলে করে ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বাজারে হামলা চালায়। তারা আমার দোকান ভাঙচুর করে এবং আমাকে ও অন্যদের মারধর করে।’
ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, হামলাকারীরা দোকান ভাঙচুরের পাশাপাশি ক্যাশ থেকে নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’