
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রদের তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া বিবাদ দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলায় রূপ নিলে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এ হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, গ্যেরনদী উপজেলার পশ্চিম শাওড়া জামে মসজিদে তারাবি’র নামাজের সময় মহাসিন খানের ছেলে ৫ম শ্রেণীর মাহাসিব খান (১০) ও সৌদি প্রবাসী হিরন বেপারীর ছেলে নবম শ্রেণীর আলামিন বেপারী (১৩)কে ঠেলাঠেলি করতে গিয়ে একে অপরের পায়ে আঘাত লাগে। মসজিদ থেকে বের হওয়ার পর পথিমধ্যে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর আলামিন ও কয়েকজন কিশোর মাহাসিবকে মারধর করে।
আলামিন বেপারীর মা, ৯ মাসের গর্ভবতী আকলিমা বেগম (৩৫) জানান, মহাসিন খানের নেতৃত্বে ৬-৭ জন তাদের বাড়িতে এসে আলামিনকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে ও তার ছেলেকে কিলঘুষি ও লাথি মারেন। প্রতিবেশী ইউসুফ বেপারী (৩৫), আজগোর বেপারী (৪০) ও ফাহাত বেপারী (১০) এগিয়ে গেলে তাদেরকেও আঘাত করা হয়। গুরুতর আহত আলামিন, ইউসুফ ও ফাহাতকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষ মহাসিন খান পাল্টা অভিযোগ করেন, তাদের ছেলেকে মারধরের বিচার দাবিতে আলামিনের বাড়িতে গেলে প্রবাসী হিরনের স্বজনরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মহাসিন, তার ছেলে মাহিম খান (১৭), শ্যালক ছলেমান বেপারী (২৫) ও চাচাতো ভাই রাহাত খান (৪০) আহত হন এবং স্থানীয়রা তাদের গৌরনদী হাসপাতালে ভর্তি করে।
গৌরনদী থানার পরিদর্শক (ওসি) তারিক হাসান রাসেল জানান, কোন পক্ষ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।