
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, দুই দিন আগে একটি চক্র তার বিরুদ্ধে গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তার দাবি, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তার মানহানি করার চেষ্টা চলছে।
তিনি বলেন, কয়েকজন ব্যক্তি গ্রাম পুলিশ নিয়োগের জন্য তার কাছে সুপারিশ নিতে আসেন। তখন তিনি স্পষ্টভাবে জানান যে, কোনো সুপারিশের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। এরপরও তারা অনুরোধ করতে থাকেন এবং একপর্যায়ে তার কাছে কিছু টাকা রেখে চলে যান।
পরবর্তীতে তিনি ওই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দিয়ে দেন এবং জানিয়ে দেন যে, গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। এ নিয়োগ প্রক্রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলেও জানান তিনি।
চেয়ারম্যান আব্দুর রহিম অভিযোগ করেন, ওই কথোপকথন ও টাকা দেওয়ার ঘটনাকে পুঁজি করে একটি চক্র পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।