সাগরকন্যায় খবর প্রকাশের পর মির্জাগঞ্জে ভাঙা লোহার পুলের কাজ শুরু

হোম পেজ » পটুয়াখালী » সাগরকন্যায় খবর প্রকাশের পর মির্জাগঞ্জে ভাঙা লোহার পুলের কাজ শুরু
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

সাগরকন্যায় খবর প্রকাশের পর মির্জাগঞ্জে ভাঙা লোহার পুলের কাজ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

সাগরকন্যায় খবর প্রকাশের পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা হাফিজিয়া নুরানী মাদ্রাসা সংলগ্ন মকুমা দুনদুল খালের ওপর ভেঙে পড়া সেই লোহার পুলের মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার থেকে পুলটির কাজ শুরু করা হয়।

 

জানা যায়, গত ৮ মার্চ মালবোঝাই একটি অটোগাড়িসহ আয়রন ব্রিজটি (লোহার পুল) খালে ভেঙে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। বিষয়টি নিয়ে সাগরকন্যায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

 

মকুমা গ্রামের প্রবাসী মো. ফোরকান মোল্লা জানান, কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজটি ভেঙে পড়ার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখন ব্রিজটির কাজ শুরু হয়েছে।

 

মকুমা হাফিজিয়া নুরানী মাদ্রাসার সভাপতি মো. জলিল মোল্লা বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর গত কয়েকদিন এলাকাবাসীকে অনেক পথ ঘুরে উপজেলা শহরে যেতে হয়েছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। এখন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।

 

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম জানান, লোহার পুলটি ভেঙে পড়ার বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ সামনে থাকায় এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১২:৩৯ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ