
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। শনিবার (১৪ মার্চ) বাদ জোহর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় এ বছর মাহফিলে দেশের বৃহত্তম ইফতার ও খতম তারাবির আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়।
মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও দেশের প্রখ্যাত আলেমগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী বলেন, মাহফিলে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক ও ট্রলারযোগে ইতোমধ্যে ছারছীনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি যাত্রাপথের নিরাপত্তা ও মাহফিলের সফলতা কামনা করে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।
সরেজমিনে দেখা গেছে, মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের প্রস্তুতি, হারানো জিনিসপত্রের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ, অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং এবং অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।