বেনাপোল বন্দরে ঘাসের বীজের আড়ালে আমদানি নিষিদ্ধ পাট বীজ জব্দ

হোম পেজ » খুলনা » বেনাপোল বন্দরে ঘাসের বীজের আড়ালে আমদানি নিষিদ্ধ পাট বীজ জব্দ
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

বেনাপোল বন্দরে ঘাসের বীজের আড়ালে আমদানি নিষিদ্ধ পাট বীজ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ দশমিক ১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

 

জানা যায়, গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পণ্যবাহী চালানটি বেনাপোল স্থলবন্দরের ১৫ নম্বর শেডে প্রবেশ করে। পরে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত পাট বীজ শনাক্ত করেন।

 

কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এসব পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

 

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ দশমিক ১০ মেট্রিক টন পাট বীজ আটক করা হয়।

 

স্থানীয় সচেতন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে মিথ্যা ঘোষণায় বিভিন্ন পণ্য আমদানি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। তাদের অভিযোগ, এসব কালোবাজারিকে সহযোগিতার পেছনে কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের একশ্রেণির অসাধু কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে।

 

তারা আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করলে কৃষি খাত ঝুঁকির মুখে পড়তে পারে এবং সরকারও রাজস্ব হারাচ্ছে। মাঝে মধ্যে কয়েকটি চালান আটক হলেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা কৌশল বদলে আবারও একই ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ