
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ ইয়াবা সেবন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউসের একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আবু সালেহ হোটেল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, আবু সালেহ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। এর আগেও এক পর্যটককে মারধর করে হোটেল থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, হোটেল বেঙ্গল গেস্ট হাউসে বিভিন্ন সময় নারী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাকে হাতেনাতে ধরতে তিনি হোটেলে যান। এ সময় আবু সালে অগোছালো অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহীন-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।