কুয়াকাটায় বিদ্যুতের অপচয় বাড়ছে, সচেতনতার অভাব প্রকট

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটায় বিদ্যুতের অপচয় বাড়ছে, সচেতনতার অভাব প্রকট
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

পল্লী বিদ্যুৎ কুয়াকাটা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা পর্যটন কেন্দ্র পৌরসভা ও মহিপুর মৎস্য বন্দরসহ আশেপাশের এলাকায় বিদ্যুতের অপব্যবহার রোধে সরকারের নির্দেশনার কোনো তোয়াক্কা নেই। সবকিছু আগের নিয়মেই চলছে বলে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত কর্মকর্তারা অভিযোগ করেছেন। তাদের মতে, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারি ও বেসরকারি অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলো মেনে চলা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী, কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে সাশ্রয়ী ব্যবহার ও সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে।

 

কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আবাসিক হোটেল কানসাই ইন-এর ম্যানেজার সজীব জানান, এখনও গরম পড়েনি, তবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।

মহিপুরের ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ ব্যবহারে কোনো সচেতনতা নেই। যদিও পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং করে সতর্ক করা হয়েছে।

 

পল্লী বিদ্যুত কুয়াকাটা জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার বিনয় ভুষণ মজুমদার জানান, অফিস ও দোকানে দিনের আলো থাকা সত্ত্বেও বাতি জ্বালানো হয়। জানালা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা হয় না। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে।

 

পল্লী বিদ্যুত কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ বলেন, কুয়াকাটায় আবাসিক হোটেলগুলোতে এয়ার কন্ডিশনার ব্যবহার পুরোপুরি এখনও শুরু হয়নি। তবে গরম বাড়লে গ্রাহকদের স্বাভাবিক ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ না করলে আমাদের ভিন্ন পদক্ষেপ নিতে হবে। এছাড়া করিডোর ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট অন থাকে এবং বিভিন্ন অফিসে কম্পিউটার, প্রিন্টার ও লাইট অন রাখা হয়, যা সচেতনতার অভাব প্রকাশ করছে।

 

এদিকে, সরকারের নির্দেশনায় বলা হয়েছে: দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার নিশ্চিত করতে হবে; অতিরিক্ত লাইট ও যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে; অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে; সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে; এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি নির্দেশনা মানা না হলে কুয়াকাটা পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুতের ব্যয় ক্রমেই বৃদ্ধি পাবে।

 

বাংলাদেশ সময়: ১৮:০৬:৩৫ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ