গৌরনদীতে সড়কের নির্মাণ কাজ বন্ধে জনদুর্ভোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সড়কের নির্মাণ কাজ বন্ধে জনদুর্ভোগ
বুধবার ● ৪ মার্চ ২০২৬


গৌরনদীতে সড়কের নির্মাণ কাজ বন্ধে জনদুর্ভোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার টিএনটি মোড়ে সড়ক নির্মাণকাজ শুরু করে কয়েক সপ্তাহ ধরে বালুর বড় বড় স্তূপ ফেলে রেখে কার্যত কাজ বন্ধ রাখায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও নির্মাণসামগ্রী সরানো না হওয়ায় দিন দিন ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প কিছু কাজ করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের ওপর বালু ফেলে রেখে চলে যায়। এরপর থেকে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে আশপাশের বাসিন্দারা স্বাভাবিক চলাচলে বিঘ্নের মুখে পড়ছেন।

সড়কের একাংশে বালুর স্তূপ পড়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশ কাটাতে গিয়ে অনেক সময় যানবাহনকে হঠাৎ ব্রেক করতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় একাধিক পথচারী বলেন, সন্ধ্যার পর বালুর স্তূপ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে তারা জানান। ধুলাবালুর কারণে আশপাশের দোকানপাট ও বসতবাড়ির বাসিন্দারাও বিপাকে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর কাজ পুনরায় শুরু হতে পারে বলে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ঠিকাদারি আইন ও নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করেই কাজ শুরু করায় জনমনে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর প্রশ্ন-কাজ চলমান না থাকলে কেন সড়কের ওপর বালু ফেলে রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হলো?

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়ক থেকে বালু অপসারণ, নির্মাণকাজে গতি আনা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, রাতে আলোর ব্যবস্থা এবং প্রশাসনের নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম জানান, জনসাধারণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রশাসন কাজ করছে। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৫:২৯ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ