বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বাউফল উপজেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি (সাধারণ) ২৮ জন, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি (ট্যালেন্টপুল) ৬ জন, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি (সাধারণ) ১২ জন, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি (ট্যালেন্টপুল) ২২ জন, জুনিয়র বৃত্তি (সাধারণ) ৬৭ জন এবং জুনিয়র বৃত্তি (ট্যালেন্টপুল) ৩১ জন রয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ। নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. লিমন হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ আগামী দিনেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

কেএলডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ