
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে খুচরা সার বিক্রেতারা সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা পুনঃপ্রবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে শহরের সিইও অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার বিক্রেতারা অংশ নেন এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নীতিমালা-২০২৫ অনুসারে বিদ্যমান খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং পূর্বের নিয়মে সার বিক্রয় বন্ধ করার সিদ্ধান্তে প্রায় ৪৪ হাজার বিক্রেতা চরম হতাশায় পড়েছেন।
বিক্রেতারা জানান, ৩০ বছরের বেশি সময় ধরে পৈতৃকসূত্রে তারা এই ব্যবসায় যুক্ত, কৃষকদের দরজায় সার পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন নীতিমালা কার্যকর হলে তাদের কর্মসংস্থান অনিশ্চিত হবে এবং পরিবারের জীবিকায় গুরুতর প্রভাব পড়বে। তারা প্রধানমন্ত্রী বরাবর নীতিমালা স্থগিত ও পূর্বের নিয়ম বহালের আবেদন জানান।
আরএইচএম/এমআর