
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামে অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন রুহিতলাবুনিয়া গ্রামের কবির শেখের ছেলে রাজিব শেখ (২৫) এবং একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে রেজাউল (৪০)। রেজাউল স্থানীয় পিরোজপুর নাইট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলে অর্জিত ছয় লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ অনলাইন জুয়ার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গত রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এএ/এমআর