জমি বিরোধে ইন্দুরকানীতে ভাই-বোনের মারামারি, আহত ২

হোম পেজ » পিরোজপুর » জমি বিরোধে ইন্দুরকানীতে ভাই-বোনের মারামারি, আহত ২
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


 

---

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই-বোনের মধ্যে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মতিউর রহমান শেখ (৬০) ও তার স্ত্রী ফাহিমা বেগম (৫০)কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হামেদ শেখের ছেলে মতিউর রহমান শেখের সঙ্গে তার ভাই জাহাঙ্গীর, ছিদ্দিক, আলমগীর ও বোন লিপি বেগমের মধ্যে পৈত্রিক সম্পত্তির সীমানা ও অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার শালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। সোমবার ঘর নির্মাণের উদ্দেশ্যে নিজ দাবিকৃত জমিতে ইট রাখাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান শেখ বলেন, তিনি নিজের জমিতে ঘর তোলার জন্য ইট আনলে তার ভাই-বোন ও চাচাতো ভাই বাধা দেন। ইট সরাতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বিকেলে প্রতিপক্ষরা ঘরে ঢুকে দা ও লাঠি দিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করেন।

অভিযুক্ত জাহাঙ্গীর, ছিদ্দিক ও আলমগীর দাবি করেন, তাদের পিতার প্রায় ১০ কাটা জমি মতিউর রহমান অতিরিক্ত ভোগদখল করছেন। ন্যায্য হিস্যা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। তাদের ভাষ্য, বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি; কেবল হাতাহাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আপান হাওলাদার জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন; পরে এসে বিষয়টি জানতে পারেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ