
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়াকাটার হোটেল নিলাঞ্জনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের আর্থিক সহায়তায় আয়োজিত সভায় কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর ফিশনেট প্রকল্পের মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারি আতিকা আজরা। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন একই সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী।
সভায় প্রতিটি উপজেলা নেটওয়ার্ক তাদের এলাকার কাজের অগ্রগতি উপস্থাপন করেন। প্রকল্প বাস্তবায়নে তাদের উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে ছিল- সমবায় সমিতি গঠনে উপজেলা সমবায় কর্মকর্তার সঙ্গে অ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠক এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় সভা।
পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনায় যেসব বিষয়ে নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়। সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।