
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকায় বনদস্যুরা পৃথক দুটি ঘটনায় মোট ২০ জেলেকে অপহরণ করেছে। এ ঘটনায় জেলেদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাগরকন্যার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইল ফোনে জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় বনদস্যু বাহিনী দুবলার নারিকেলবাড়ীয়া চর সংলগ্ন এলাকায় মাছ ধরারত জেলে বহরে হামলা চালিয়ে ৮টি ট্রলার থেকে ৮ জেলেকে তুলে নিয়ে গেছে।
অপহৃত জেলেরা হলেন: হরিদাস বিশ্বাস (৫০), গোপাল বিশ্বাস (৪৫), রমেশ বিশ্বাস (৫০), প্রশান্ত বিশ্বাস (৪৮), শংকর বিশ্বাস (৩৫), তুষার বিশ্বাস (৪০), মনিরুল বিশ্বাস (৪৮) এবং উজ্জল কুমার বিশ্বাস (৪৫), এদের বাড়ী খুলনার পাইকগাছা এলাকায়।
অন্যদিকে, একই রাতে আমবাড়ীয়ার খাড়ি এলাকায় সুমন-জাহাঙ্গীর নামে অন্য বনদস্যু বাহিনী ১২টি ট্রলার থেকে ১২ জেলেকে অপহরণ করেছে। দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, অপহৃতরা হলেন: কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রুপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস এবং বাটু বিশ্বাস। এদের বাড়ী পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।
মোঃ কামাল উদ্দিন জানান, সুন্দরবন ও সাগরে চারটি বনদস্যু গ্রুপ দাপিয়ে বেড়াচ্ছে। এদের দাপটে জেলেদের মধ্যে আতংক বিরাজ করছে এবং দস্যুদের দমন না হলে জেলেরা পেশা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসসি এফ) মোঃ শরীফুল ইসলাম ২০ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।