
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
উপকূলীয় অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে পটুয়াখালী-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর পক্ষ থেকে এমন দাবি তোলা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমুদ্রতীরবর্তী দ্বীপ রাঙ্গাবালীর ‘চরহেয়ার’ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
এসময় বলা হয়, পর্যটন বাঁচলে অর্থনীতি বাঁচবে। উপকূলীয় অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পায়রা বন্দর, পর্যটন শিল্প ও মৎস্যখাতের সমন্বিত উন্নয়ন জরুরি। এ উন্নয়ন ত্বরান্বিত করতে উপকূলের অভিজ্ঞ ও জননন্দিত প্রতিনিধি হিসেবে এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থপনা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক কেএম জহিরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাসুম আল বেলাল, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন রাজু, ডিরেক্টর যথাক্রমে গাজী মোহাম্মদ হানিফ ও এস এম আলমাস, সদস্য রেদওয়ানুল ইসলাম রাসেল ও কামাল হাসান রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব কেএম বাচ্চুসহ কুয়াকাটা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, কুয়াকাটা দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হলেও প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার অভাবে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্ত অবস্থানে নেওয়া সম্ভব।
তারা আরও বলেন, পায়রা পোর্টকেন্দ্রিক শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর-সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল, মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও পর্যটন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে। এজন্য উপকূলের বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণাসম্পন্ন নেতাকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।