ভারতে পাচার হওয়া ২৮ শিশু-কিশোরকে বেনাপোলে হস্তান্তর

হোম পেজ » খুলনা » ভারতে পাচার হওয়া ২৮ শিশু-কিশোরকে বেনাপোলে হস্তান্তর
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

ভারতে পাচার হওয়া ২৮ শিশু-কিশোরকে বেনাপোলে হস্তান্তর

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

 

ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তের শুন্যরেখায় তাদের বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস সাগরকন্যাকে বলেন, স্বদেশে ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেদেশের পুলিশের হাতে আটক হলে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন সেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় এবং বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, নিয়মিত সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্ত কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ধরনের হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়। দেশে ফেরত আসা শিশু-কিশোরদের প্রয়োজনীয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া সম্পন্নের পর শিশু-কিশোরদের স্বজনদের কাছে হস্তান্তরের লক্ষ্যে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর জিম্মায় দেওয়া হয়েছে।

 

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, থানা থেকে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ জন, রাইটস যশোর ১০ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন ফেরত আসা শিশু-কিশোরকে নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য জিম্মায় নিয়েছে। পর্যায়ক্রমে তাদের পরিবারগুলোর কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

হস্তান্তরকৃত শিশু-কিশোররা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার একাধিক শিশু-কিশোর। সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, পরিবার শনাক্তকরণ ও প্রয়োজনীয় যাচাই শেষে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ